Sunday, October 26, 2008



জলের নেই কোন গন্ধ নেই কোন রুপরস ।তবু এই জলকে বুকে ধারন করে যখন নদী ভরা প্লাবনের জোয়ারে যৌবনাবতী চঞ্চল চপলার ন্যায় ছুটে চলে নদী হয়ে উঠে যৌবনের প্রতীক। জলের ধারা যখন সগর্জনে জলপ্রপাতের ন্যায় আছড়ে পড়ে কঠিন পাথড়ের বুকে আমরা শিহরিত হই তার শব্দে ।



এই জল যখন আকাশের গায়ে কালো মেঘে ভর করে নামে অঝোর ধারায় বৃষ্টি হয়ে এই বসুন্ধরার বুকে। আমরা হারিয়ে যাই আমাদের বৃষ্টিস্নাত স্মৃতির পাতা রোমন্হনে । গভীর রাতে দোচালা টিনের ঘরে ঝমঝম কখনো বা রিমঝিম শব্দের বৃষ্টি শুনেনি তার শৈশবে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ।



যদিও জলের নেই নিজস্ব গন্ধ বা রুপরস কিন্ত বৃষ্টির আছে গন্ধ, আছে রুপ ,আছে শব্দ । তাই বৃষ্টি মানুষকে ভাবায় কখনোবা কাঁদায় । বৃষ্টির সাথে মাটি থেকে উঠে আসা সোঁদা গন্ধ মানুষকে তার শিকড়ের তার মাটির কথা মনে করিয়ে দেয় ।তাইতো বৃষ্টির সাথে সাথে মনে পড়ে যায় প্রচন্ড বৃষ্টিতে স্কুল পালিয়ে মাঠে খেলে বেড়ানোর সেই দিনগুলি কথা।



বৃষ্টির সাথে সাথে যখন চারপাশের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় নিমিষে ,হয়তো বা দেখা যায় গলির মাথায় একাকী এক পথিকের ঘরে ফেরা । তখন মনে হয় নিজেকে সেই পথিকের মত যে সারাটি জীবন কাটিয়ে আজ জীবন সায়ান্থের শেষ প্রান্তে সেই পথিকের মত ভীষন একাকী ।



রাস্তার মোড়ে চায়ের দোকানে পাশে ফুটপাথে রাখা খালি টেবিলটা যেন মনে করিয়ে দেয় সেই কফি হাউসের কথা । টেবিল টি শুধু আছে, নেই শুধু এর চারধারে আড্ডায় জমিয়ে রাখা প্রানবন্ত মানুষগুলো ।



মনে পড়ে যায় কৈশোরে প্রথম ভালা লাগা । বৃষ্টির দিনে পাশের বাড়ীর খোলাছাদে উজ্জল হলুদ ফ্রকে ছুটে বেড়ানো সেই মেয়েটির কথা ।



জলের সাথে জল খেলা করে যখন তারই প্রতিধ্বনি শুনি কান পেতে । মেঘের গর্জনের সাথে ফোঁটা ফোঁটা জল নেমে আসছে ধরনীর বুকে আমি শুনছি সিম্ফনীর মূর্ছনা।



বৃষ্টি প্রকৃতিকে করে সিক্ত। ধুয়ে মুছে দেয় ধূলায় ধূসরিত পাতাগুলোকে।যেন মনে হয় অনেকদিনের পাপবোধ রিক্ততা শুন্যতা কে বৃষ্টি জলে বিসর্জন দিয়ে প্রকৃতি আজ মুক্ত।



যেন প্রকৃতি আজ সেই নিষ্পাপ শিশুটির মত পরিশুদ্ধ হয়ে বিধাতার পানে চেয়ে আছে আশীর্বাদে ধন্য হতে ।



বৃষ্টি সারা আকাশ আজ ভেংগে তুমি ঝড়ে পরো । এসো তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে ।ধুয়ে মুছে নিয়ে যাও যত হতাশা আর পন্কিলতা । জীবনকে করো পরিশুদ্ধ । আজ অনেকদিন পর খুব ইচ্ছে করছে তোমার জলে সিক্ত হয়ে আমার পাপকে বিসর্জন দিতে , আমার হতাশাকে নতুন স্বপ্নে বদলে দিতে । আমার কৈশোরের প্রেম,হারানো বন্ধু ,আমার না দেখা স্বপ্ন সব কিছুকে একবার ছুঁয়ে দেখতে ।



বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা এই দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়